দেশব্যাপী শিশু ধর্ষণ ও শিশু হত্যা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ধর্ষণ শিশু হত্যা বন্ধের দাবিতে নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক তার বক্তব্যে বলেন, ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবাধিকার কর্মী খুশি কবির তার বক্তব্যে বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ও দ্রুত কার্যকরে ব্যবস্থা নিতে হবে। তিনি ধর্ষণকারীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা অংশ নেন।