সোমালিয়ায় হোটেলে গাড়িবোমা ও বন্দুক হামলা, নিহত ২৬

সোমালিয়ার একটি হোটেলে জঙ্গি হামলায় সাংবাদিক, বিদেশি নাগরিকসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর শহর কিসমায়োতে অ্যাসাসে নামের একটি হোটেলে এই হামলার ঘটনা ঘটে। প্রথমে একজন হামলাকারী গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায় এবং পরে বন্দুকধারীরা গুলিবর্ষণ করে। ইসলামি জঙ্গি গ্রুপ আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ এবং তার স্বামী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

হামলার সময় হোটেলটির একটি কক্ষে দেশটির আঞ্চলিক পর্যায়ের রাজনীতিবিদ ও বিভিন্ন গোত্রের বয়োজ্যেষ্ঠরা আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গাড়িবোমা বিস্ফোরণের পরপরই তারা হোটেলের ভেতর মুহুর্মুহু গুলিবর্ষণের শব্দ শুনতে পান। নিহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় প্রশাসনের একজন সাবেক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতা রয়েছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। আল-শাবাব   ২০১২ সালে কিসমায়ো থেকে বিতাড়িত হয়ে যায়। দক্ষিণ ও মধ্য সোমালিয়ার তুলনায় সামপ্রতিক বছরগুলোয় বন্দর শহরটিতে শান্তি বিরাজ করছিল। আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত বাহিনী থাকা সত্ত্বেও জঙ্গি গ্রুপটি রাজধানী মোগাদিসুতে একের পর এক হামলা চালিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে তিন জন কেনিয়ার নাগরিক, যুক্তরাজ্যের একজন, যুক্তরাষ্ট্রের দুই জন এবং তানজানিয়ার তিন জন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে জুব্বাল্যান্ডের আঞ্চলিক প্রেসিডেন্ট প্রার্থী সুরুয়িয়ে রয়েছেন। চার হামলাকারীর দলে একজন আত্মঘাতীসহ মোট চার জন ছিল। দুই জন গুলিতে নিহত আরেক জনকে জীবিত অবস্থায় আটক করেছে জুব্বাল্যান্ডের নিরাপত্তা বাহিনী’। -বিবিসি