পুণ্ড্র ইউনিভার্সিটিতে চালু হচ্ছে আইন ও সাংবাদিকতা বিভাগ

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাত্রা শুরু করেছে এলএলবি ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতিমধ্যে এই নতুন দুটি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়ায় ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হতে যাচ্ছে। 

নতুন দুটি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ শনিবার বগুড়ার আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আফজাল হোসেন, পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান, আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. মতিউর রহমান, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক মো. জহুরুল হক জাফর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি মোজাম্মেল হক, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. জহুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির বলেন, ‘সাংবাদিকতা রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। ফ্যাসিবাদ ঠেকানোর পাহারাদার। অন্যদিকে আইনপেশা সমাজের মহৎ পেশা। কিন্তু বিগত দিনে সাংবাদিকতা সেই জায়গা থেকে সরে এসেছিল বলে সরকার গণমুখী না হয়ে ফ্যাসিস্ট সরকারেও পরিণত হয়েছিল। তাই সাংবাদিকতা এবং আইন বিষয় চালু পুণ্ড্র ইউনিভার্সিটির অনন্য উদ্যোগ।’

তিনি বলেন, ‘আইন বিষয়ে অতিথি শিক্ষকের আমন্ত্রণ পেলে জেলা বিচারকেরা সহায়তা করবেন।’

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক বলেন, ‘সাংবাদিকতা ও আইন দুটি বিষয় সমাজ বিনির্মাণে খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকেরা সমাজের দর্পণ এবং আইনজীবীরা সমাজের প্রকৌশলী। এ বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিষয় চালু সাংবাদিকতা ও আইন পেশার উৎকর্ষ সাধন করবে।’

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন, ‘পুণ্ড্র ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও আইন দুটি বিষয় যাত্রা শুরু করছে। ফ্যাসিবাদ ঠেকানোর জন্য গণমাধ্যমের সবচেয়ে বেশি ভূমিকা থাকতে হয়। এ দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা যথাযথ ছিল না।’

সভাপতির বক্তব্যে পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘এই অঞ্চলে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যাত্রা শুরু করে। এ অঞ্চলের অসচ্ছল পরিবারের মেধাবীরাও যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রচলিত ধারণা পাল্টে দিতে চায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়। এ জন্য গবেষণা, পরিকল্পনা এবং বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছি আমরা।’

তিনি বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের বেশ কিছু সাফল্য তুলে ধরেন। অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন অনুষদকে শহীদ আইনজীবী আবদুল জব্বারের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়।

ঐতিহাসিক মহাস্থানগড়ুসংলগ্ন বগুড়া শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় ৮ একর জায়গাজুড়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ২০ তলা ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। ২১ জন সদস্যের সমন্বয়ে গঠিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির দায়িত্বে রয়েছেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্যসংখ্যা ১২।