লালপুুরে ১৫ মামলার আসামি শুটার মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

হত্যা করে গাড়ি ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ ১৫ টিরও বেশি মামলার আসামি শুটার মানিক ওরফে সুমন (৪৮) শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। নিহত মানিক পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরী শেরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

লালপুর থানা সূত্রে জানা যায়, গত পাঁচ জুলাই বড়াইগ্রামে দিনের বেলায় কলেজ ছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় শুটার মানিককে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সম্প্রতি লালপুরে দুপুরে অলোক বাগচি নামক এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই এবং আরো দুজন অটোচালককে গুলি করে অটো ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মানিক। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাতে লালপুর থানা পুলিশ বড়াইগ্রাম থেকে লালপুর থানায় নিয়ে আসার পথে গোপালপুর-বনপাড়া সড়কের গোপালপুর তোফাকাটা মোড় নামক স্থানে পৌঁছলে শুটার মানিকের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি  ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়তে থাকে। এ সময় সুযোগ বুঝে মানিক পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টাকালে সে গুলিবিদ্ধ হয়। উভয়পক্ষের গোলাগুলির একপর্যায়ে মানিকের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মানিককে পুলিশ লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মানিকের বিরুদ্ধে ঈশ্বরদী, লালপুর, বড়াইগ্রামসহ বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। তার সহযোগীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।