দ্রুত ওঠা-নামা করবেন না

যাতায়াতের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার মতো—যাত্রীদের ওঠাতে বা নামাতে খুবই তাড়া বাসের হেলপারদের। খুব দ্রুত ওঠাতে পারলে বা নামাতে পারলেই যেন তাদের স্বস্তি। বাসে দ্রুত উঠতে বা নামতে হঠাত্ করেই পিছলে পড়ে যেতে পারে কেউ ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা—পিচঢালা রাস্তায় পিষে যেতে পারে অন্য গাড়ির সংঘর্ষে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি—কথাটা মুখে যতটা বলা হয়, মানা হয় বাস্তবিকপক্ষে তার খুব কম। অন্তত রাজধানী শহর ঢাকার রাস্তায় যার বাস্তবায়ন ভাবাই কঠিন। জীবন একটাই, অনেক ছোট, অসচেতনতায় বা একটু অবহেলায় দুর্ঘটনার শিকার হয়ে সেটাকে আরো ছোট করা কেন? বাস কর্তৃপক্ষের উচিত যাত্রীদের ওঠা-নামার ব্যাপারটা খেয়াল করা। নামতে বা উঠতে একটু সময় দেওয়া! তাহলে দুর্ঘটনা কমে যাবে অনেকগুণে। আসুন সকলেই যাতায়াতে সচেতন হই, অসচেতনতায় প্রাণ না হারাই।

মিতা কলমদার

লোকপ্রশাসন বিভাগ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা