গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আজ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আজ রবিবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি রয়েছে। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত রবিবার সারাদেশে আধাবেলা হরতাল পালন করে বাম জোট।

বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু গতকাল এক বিবৃতিতে বলেন, গ্যাস ও জ্বালানি খাতের সিস্টেম লসের নামে দুর্নীতি এবং লুটপাটের টাকা জোগাতে সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটার আয়োজন করেছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার এবং আজকের ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।