জাবিতে অটোরিকশার ধাক্কায় নিহত ছাত্রীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত শিক্ষার্থী আফসানা করিম রাচির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া আট দফাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদেরকে এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করছি। আমরা এটি দাবি করতে পারি, এ বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে।'