মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে :শিক্ষামন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জন হয়েছে। তবে এখনো সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। গতানুগতিক শিক্ষা দিয়ে আর চলবে না। এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

গতকাল শনিবার বিকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে।

ডা. দীপু মনি আরো বলেন, শিক্ষার মান বাড়াতে পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করা হচ্ছে। বইয়ের বোঝাও কমানো হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত এম এ ওয়াদুদ।