'দরজায় কড়া নাড়ার শব্দ' শুনছেন রাজ্জাকরা 

পাকিস্তানের মতো আরও একটি টেস্ট সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজে; বোলিং-ব্যাটিং-ফিল্ডিং প্রতিটি বিভাগে বাংলাদেশ তার সেরাটা দেবে, এমনটাই প্রত্যাশা করেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল টেস্ট দল ও এনসিএলে ক্রিকেটার নির্বাচন নিয়ে কথা বলেছেন রাজ্জাক। জাতীয় দলের সাবেক এই তারকা দল নির্বাচনের ক্ষেত্রে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। 

একজন ক্রিকেটার কোনো এনসিএলে ভালো করলে সেটি তার কাছে দরজায় কড়া নাড়ার শব্দই মনে হয়। এই শব্দ কেবল তিনিই শোনেন না, জাতীয় দলে যে খারাপ ফর্মে রয়েছে, তার কাছেও পৌঁছে যায় সেই শব্দ। সম্প্রতি টাইগার বাহিনীর ফর্ম ভুলে যাওয়ার মতো, বিশেষ করে ব্যাটিংয়ের অবস্থা নাজুক। ওপেনার থেকে শুরু করে টপ অর্ডাররা কাজের কাজটি করতে পারছেন না। 

এনসিএলে চমক দেখানো অমিত হাসান।

অন্যদিকে এনসিএলে চমক দেখানো অমিত হাসানকে কেন উইন্ডিজ সফরে রাখা হলো না, সেটি নিয়েও চলেছে তুমুল আলোচনা। এই বিষয়েই দরজায় কড়া নাড়ার প্রসঙ্গ তুলেছেন রাজ্জাক। তার মতে অমিতকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তরুণ এই ক্রিকেটার যে ভালো খেলছে সে বিষয়ে দ্বিমত প্রকাশ করেননি তিনি। তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চান না এই নির্বাচক। তাতে একটা সম্ভাবনা নষ্ট হওয়ার শঙ্কা দেখেন রাজ্জাক। 

আবার এখনই অমিতের ওপরে চাপ তৈরি করার পক্ষে নন তিনি। আরও কিছুদিন অপেক্ষা করে, নিশ্চিত হয়ে তারপর সিদ্ধান্ত নিতে চান তারা। জাতীয় দলে খেলোয়াড় উঠে আসার প্রধান রাস্তা ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু দেশের টুর্নামেন্টগুলোর অবস্থা নুন আনতে পান্তা ফুরানোর মতো। যদিও এই ব্যাপারে আশাবাদী রাজ্জাক।