ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সখিপুরের তালিক্কাকেন্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া (৭) ও তাহমিদ (৫) ঐ গ্রামের ইব্রাহীম বেপারীর সন্তান। নিহতের পরিবার জানায়, গতকাল দুপুরে তাসফিয়া ও তাহমিদ তাদের দাদির সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিল। এ সময় তাদেরকে গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দেন তিনি। কিন্তু লোকজনের অগোচরে তারা দুই ভাইবোন আবারও পুকুরে নেমে যায়। এ সময় তাদেরকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের লোকজন।
পরে পুলিশ ঐ পুকুরে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মাছ ধরার জাল দিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে ঐ দুই শিশুর লাশ উদ্ধার করে।
সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।