ওসমানীনগরে মাদ্রাসা ছাত্রী অপহরণকালে আটক তিন

অপহূতা  উদ্ধার, অটোরিকশা জব্দ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণকালে তিন জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় অপহরণকারীদের কবল থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার এবং অপহরণ কাজে ব্যবহূত একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-৪১৩১) জব্দ করা হয়। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় এলাকায় ঘটনাটি ঘটে। অপহরণের শিকার মাহমুদা বেগম উপজেলার সাদীপুর ইউপির চাতলপাড় গ্রামের এনাম মিয়ার মেয়ে ও চাতলপাড় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। আটককৃত অপহরণকারীরা হলো : মূল হোতা নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মতিউর রহমানের ছেলে মারুফুর রহমান (২৪), তার সহযোগী মৌলভীবাজরের হামরকোনা গ্রামের আক্কল আলীর ছেলে শিপন আহমদ (২০) ও অপর সহযোগী একই গ্রামের  বাদল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক স্বপন মিয়া। অপহরণের শিকার ছাত্রীর পিতা এনাম মিয়া মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ওসমানীনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো মাহমুদা বেগম পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছাকাছি পৌঁছা মাত্র একটি সিএনজি অটোরিকশা নিয়ে আগে থেকে ওত পেতে থাকা নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মতিউর রহমানের ছেলে মারুফুর রহমান (২৪) তার দুই সহযোগী নিয়ে মাহমুদা বেগমকে জোর করে সিএনজি অটোরিকশাতে তুলে নিয়ে যাচ্ছিল।

স্থানীয় জনতা ও আশেপাশে থাকা অটোরিকশার চালকরা বিষয়টি বুঝতে পেরে দু-তিনটি অটোরিকশা নিয়ে অপহরণকারীদের ধাওয়া করে তাদের পিছু নেয়। একপর্যায়ে স্থানীয় হলিমপুর এলাকায় গিয়ে তারা অপহরণকারীদেরকে ধরতে সক্ষম হন। পরে চাতলপাড় মাদ্রাসায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাহমুদাকে অপহরণ করার কথা স্বীকার করে তিন অপহরণকারী। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ভিকটিমসহ অপহরণকারীদের থানায় নিয়ে আসে।

ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক তিন অপহরণকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিম আমাদের জিম্মায় আছে। রবিবার আদালতে জবানবন্দি রেকর্ডের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।