ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর আবারও মাঠে নামছে বাংলাদেশ। তবে এবার দেশের বাইরে, ক্যারিবিয়ান অঞ্চল ওয়েস্ট ইন্ডিজে। দেশটির বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আজ রাত ৮টায়। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তৃতীয় পক্ষ হিসেবে হাজির হয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ টাইগার ও ক্যারিবিয়ানরা তাদের সবশেষ টেস্ট খেলেছে প্রোটিয়াদের বিপক্ষে। উভয়কেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সেই হারের স্মৃতি ভুলতে এবার জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
এতে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যোগ হবে ভিন্ন মাত্রা। সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ধবলধোলাই হয়েছিল। সেখানে উইন্ডিজরা দুই টেস্টের প্রথমটিতে ড্র করেছিল। দ্বিতীয়টিতে হারের কারণে সিরিজ হার দেখেছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েটরা। এবার নিজেদের চেনা আঙিনায় বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত ক্যারিবিয়ানরা।
এই সিরিজ নিয়ে দলটির কোচ আন্দ্রে কুলি বলেছেন, 'এই বছরটি আমরা জয় দিয়ে শেষ করতে চাই। সেজন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা সিরিজের যে হতাশা গ্রাস করেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জয়ের বিকল্প নেই।'
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেছেন, 'কয়েকটা দিন বৃষ্টির কারণে সমস্যা হলেও ছেলেরা সময় পেয়েছে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য। অ্যান্টিগায় আমাদের কয়েকটি ভালো সেশন কেটেছে। সবাই ফিট ও ভালো মানসিকতায় রয়েছে। পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আমরা আর চারটি টেস্ট খেলব। এর মধ্যে ঘরের মাটিতে এই দুটি। বাকি দুটি পাকিস্তানে। সেখানে যাওয়ার আগে জয়ের মাধ্যমে মোমেন্টাম তুলে নিতে চাই।'
স্বাগতিকরা পরিষ্কার বার্তায় জয়ের বিষয়ে কথা বলেছে। বাংলাদেশ ও জয়ের জন্য মরিয়া। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টাইগার বাহিনী জয়ের কথা যেন ভুলেই গেছে। ভারত ও দ. আফ্রিকার বিপক্ষে টেস্টে যে ভরাডুবি হয়েছে টাইগারদের, সেই জায়গা থেকে উত্তরণের জন্য জয় ভিন্ন কোনো রাস্তা নেই। চোটের কারণে এই টেস্ট দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে ২২ গজের দায়িত্ব উঠেছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। এতে অলরাউন্ডার মিরাজও থাকবেন কিছুটা চাপে।
চোটের মিছিলে নাম লেখানো অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ। তাতে মাঠে নামার আগেই সফরকারীদের বহন করতে হয়েছে এসব শঙ্কার খবর। তবে প্রস্তুতি ম্যাচ ও দলীয় অনুশীলন দলের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে। নিজেদের চিন্তামুক্ত রাখতে ঘোরাঘুরিও করেছেন মিরাজরা। পেসার তাসকিন আহমেদ-নাহিদ রানারা তো সরাসরি সমুদ্রে নেমেছেন মাছ শিকারে। সবমিলিয়ে আজকের ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন সবাই।
তাসকিন বলেছেন, 'দূরে যখন খেলতে আসিত, যখন লম্বা সফর থাকে, তখন দলই আমাদের পরিবার হিসেবে থাকে। আমরা পরিবারের সদস্যদের থেকে দলের সদস্যদের সঙ্গে বেশি সময় ব্যয় করি।' সেই দলের সদস্যদের মধ্যে বোঝাপড়টা ভালো হলে মাঠের চাপ কিছুটা হলেও কমে যাবে বলে বিশ্বাস করেন এই ক্রিকেটাররা।
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হিসেবে এই সিরিজে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। উইন্ডিজে যাওয়ার আগে কয়েক জন ব্যাটারকে নিয়ে আলাদাভাবে কাজও করেছেন। দেশটিতে গিয়েও সেই কাজের মাত্রা বাড়িয়েছেন তিনি। সবমিলিয়ে ব্যর্থতা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটিই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। টাইগারদের একের পর এক হারের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা।
আর সেই জায়গাতেই নজর দিয়েছেন দেশসেরা এই কোচ। তবে তিনি আগেও বলেছেন, 'যে সমস্যা চলছে সেটি সমাধান করতে সময় লাগবে।' ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ এবার সামনাসামনি দেখার সুযোগ পাবেন তিনি। তাতে তার কাজের বিষয়টি সুনির্দিষ্ট হবে। তবে তিনি বেশি সময়ও পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে তার মেয়াদ শেষ হবে। সংক্ষিপ্ত এই সময়ে শিষ্যদের কতটুকু শুধরে দিতে পারেন, সেটিও রয়েছে নজরে।