তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনেই স্বাগতিকদের জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

দুই উইকেটই নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের পর কিসি কার্টিকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। ২৫ রানের জুটি গড়েন তারা। তবে এরপরই জোড়া আঘাত হানেন তাসকিন।

ব্রাফেট ৩৮ বলে ৪ ও কার্টি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা  কাভেম হজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লুইস। আর কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করে স্বাগতিকরা। লুইস ৭২ বলে ৩৬ ও হজ ২০ বনলে ১০ রানে অপরাজিত আছেন।