মারুফা মির্জা, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় যমুনা তার ভরা যৌবনে রূপ নিয়েছে। একদিকে যেমন প্রচণ্ড স্রোতে দানবীয় আকার ধারণ করলেও নদী ভরে গেছে নানা ধরনের সুস্বাদু মাছে। তাই জেলেদের জালে ধরা পড়ছে ভেউশ, আইড়, বাঘা আইড়, বোয়াল, রিঠা, কাজলি, বাইম, পুঁটি, কাতল, পিয়ালিসহ আরো কত না প্রজাতির মাছ। সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মাছের আড়তে গিয়ে দেখা মেলে এসব রাজকীয় মাছের। শনিবার কাকডাকা ভোরে এখানে চালুহারা চরের জেলে আলমগীর হোসেন তার বড়শি দিয়ে ধরে বিক্রির জন্য নিয়ে আসে এক বৃহত্ বোয়াল মাছ। ১৪ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বা বিশাল এই মাছটি জহুরুল ইসলামের আড়তে আসা মাত্রই দেখতে হুমড়ি খেয়ে পড়ে বাজারের উত্সুক শত-শত মানুষ।
পরে উন্মুক্ত ডাকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৪০০ টাকায় বেতিলের মাছ ব্যবসায়ী অসীম হালদার তা কিনে নেন। তিনি জানান, মাছটি কোনো এক শিল্পপতির কাছে বেশি দামে বিক্রি করার জন্যই কিনে নিয়েছেন। বর্তমানে এই আড়তে যমুনার বড়ো-বড়ো মাছের আমদানি হচ্ছে। তবে দাম বেশ। তার পরও ব্যবসার কারণে কিনে কিছু লাভে তা বিক্রি করছি। তিনি আরো জানান, সাড়ে তিন কেজি ওজনের দুইটি ভেউশ মাছ সাড়ে ৭ হাজার টাকায় কিনেছেন বিক্রির জন্য।