চাটমোহরে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। এতে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। আমদানি ও ফলন কম এবং বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। ৪০ টাকা কেজি দরের কাঁচা মরিচ ৫/৭ দিনের ব্যবধানে প্রায় তিনগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

চাটমোহর বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সরকার বলেন, কেনা-বেচায় লাভের অনুপাত ঠিক না রেখে যদি সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার বিলচলন ইউনিয়নের জাবরকোল এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, দাম বেশি হলেও তো কিছু করার নেই। খাওয়া তো লাগবে। এখন আড়াইশ গ্রাম কিনছি। দাম কম থাকলে হাফ কেজি কিনতাম।

কাঁচা বাজারের দোকানি ইদ্রিস আলী বলেন, আড়তেই দাম ৮০/৯০ টাকা কেজি। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। ১১ জুলাই দাম ছিল ৮০ টাকা। পাইকারি দর ছিল ৬৫ টাকা। তিনি আরো জানান, ৫/৭ দিন আগেও খুচরা দাম ছিল কেজিপ্রতি ৪০-৫০ টাকা।

আড়তদার সিরাজুল ইসলাম বলেন, আমদানি নেই আড়তে। বৃষ্টির কারণে কৃষক মরিচ তুলতে পারছেন না। ফলনও কমে গেছে। আমদানি কমে যাওয়ার কারণেই মূলত দাম বাড়ছে। আবহাওয়া ভালো হলে এবং আমদানি বেশি হলে দাম কিছুটা কমতে পারে বলে জানান তিনি।