সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের প্রথম দিন আজ। প্রথম দিনে ভারতীয় তারকা ব্যাটার লোকেশ রাহুলকে ১৪ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
নিলামে কলকাতা ভিত্তিমূল্যে শুরু করে। এরপর ২.২০ কোটি দাম হাঁকান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই ফ্র্যাঞ্চাইজি লড়াই করে রাহুলের দাম নিয়ে যায় ৯ কোটিতে। এরপর দিল্লি ক্যাপিটালস ১১ কোটিতে শুরু করে। শেষ পর্যন্ত ১৪ কোটিতে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভেড়ায় দিল্লি।
এই নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকেনি ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ।
ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।
আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।