করিমগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের করিমগঞ্জের পল্লিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক ইদ্রিস মিয়াকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করে শনিবার কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, উপজেলার নোয়াবাদ গ্রামের ঐ শিশু জাফরাবাদ-কুর্শা গ্রামে তার নানা ইদ্রিস মিয়ার শ্বশুরবাড়িতে থেকে লেখাপড়া করে। গত ৯ জুলাই ইদ্রিস মিয়ার ভাই মারা যাওয়ার খবর পেয়ে সে গ্রামের বাড়িতে আসে। রাতে ইদ্রিস মিয়া তার শ্বশুরবাড়িতে ঘুমাতে যায়। রাতে ঐ শিশুর সঙ্গে এক চৌকিতে ঘুমানোর সময় সে তাকে ধর্ষণ করে ভোর হওয়ার আগেই পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঐ শিশুর বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।