চরফ্যাশনে ট্রলার ডুবিতে নিহত সাত জেলের দাফন সম্পন্ন

এখনো নিখোঁজ ২০ জেলে

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিহত পাঁচ জেলের লাশ এক সঙ্গে একই কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের হাজী নুরু মিয়া মহাজন বাড়ির দরজার জামে মসজিদ ময়দানে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশগুলো দাফন করা হয়। এ ছাড়া রসুলপুর ইউনিয়নে দুই জেলের লাশ দাফন করা হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত জানাজ নামাজে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শোকাহত স্বজন এবং শত শত গ্রামবাসী অংশ নেয়। চরফ্যাশন খাসমহল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম জানাজা নামাজ পরিচালনা করেন। এক সঙ্গে এক কবরস্থানে যাদের লাশ দাফন করা হয়েছে তারা হলো, উত্তর মাদ্রাজ গ্রামের মো. মাসুদ (৩৮), একই এলাকার অজি উল্লাহ (৩৮), অলি উল্যাহ (৫০), আব্দুস শহীদের ছেলে বাবুল (৩২), একই এলাকার কামাল হোসেন (৩৫)। রসুলপুর ইউনিয়নে দাফন করা হয়েছে রসুলপুর ১ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন পাটওয়ারী (৪৫) এবং জাহাঙ্গীর বলির (৪০) লাশ।

গত ৬ জুলাই মনপুরা উপজেলার দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের টেংরার চর এলাকায় ডুবে যাওয়া চরফ্যাশনের মনির মাঝির ট্রলারের সাত জেলের লাশ এবং দুই জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কক্সবাজারের প্রশাসন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নিহত জেলেদের লাশ দাফন এবং আনুষঙ্গিক খরচ বাবদ নিহতদের প্রত্যেক পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দপ্রাপ্ত ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।