কিশোরগঞ্জ প্রতিনিধি
জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স হিসাবে ব্যবহূত আটটি লোহার সিন্দুক গতকাল শনিবার খুলে গণনা করে পাওয়া গেছে সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা। ঠিক তিন মাস পর লোহার সিন্দুকগুলো খুলে উল্লেখিত পরিমাণ টাকা পাওয়া যায়। তাছাড়াও পাওয়া গেছে প্রচুর বৈদেশিক মুদ্রা, দেশীয় খুচরা মুদ্রা এবং স্বর্ণালঙ্কার।
সকাল ৯টা থেকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদের সার্বিক তত্ত্বাবধানে টাকা বাছাই ও গণনার কাজ শুরু হয় এবং বিকাল পর্যন্ত এই টাকা গণনার কাজ চলে। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদ কমিটির লোকজন টাকা বাছাই পর্বে অংশ নেয়। বাছাইয়ের পর টাকাগুলো বস্তায় ভরা হয় এবং পরে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিগণ টাকাগুলো গুনে বুঝে নেন। পাগলা মসজিদের নামে রূপালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে। পরে প্রাপ্ত টাকা ব্যাংকের হিসাবে জমা দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন, মীর মো. আল কামাহ তমাল, শফিকুল ইসলাম, উবাইদুর রহমান সাহেদ, তাহমিনা সুলতানা নীলা প্রমুখ।