দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের লজ্জা বরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। চারদিনের ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিকরা। খুলনায় প্রথম ম্যাচে আফগানদের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামে দ্বিতীয় চার দিনের ম্যাচে সিরিজে সমতা ফেরানোর সুযোগটা আর হয়ত পাচ্ছে না বাংলাদেশ। কারণ ইতিমধ্যে ম্যাচের দুই দিন বৃষ্টির পেটে বিলীন হয়ে গেছে। প্রথম দিনে ৭.৪ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলেছিল স্বাগতিকরা। তারপরই নামে বৃষ্টি। যার ফলে গোটা দিনে আর খেলা হয়নি। নাঈম শেখ ৬, রকিবুল হাসান ১০ রানে অপরাজিত আছেন। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি খেলা। সকালে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়নি। পরে নেমেছিল বৃষ্টি। তাতেই দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। দুদিন কার্যত খেলা না হওয়ায় ম্যাচটা জেতার সুযোগ ক্ষীণ হয়ে গেছে বাংলাদেশের জন্য। বরং ড্রয়ের দিকেই এগুচ্ছে ম্যাচ। চলমান বৈরী আবহাওয়ায় আজ ম্যাচের তৃতীয় দিনেও কতটা খেলা হবে, বলা কঠিন। পরিস্থিতি বলছে, হোম কন্ডিশনে আফগানদের বিরুদ্ধে সিরিজ হারের দিকেই এগুচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।