অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশও ইনিংস ঘোষণা করে।
১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে টাইগার পেসারদের তোপে ধুঁকতে থাকে ক্যারিবিয়ানরা। ২৫ ওভার ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা। ২৪২ রানের লিড পেয়েছে ক্যারিবিয়ানরা।
১৮১ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করেন দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। এরপরই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
১৮ বলে ৮ রান করা লুইসকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। দলীয় ৩৯ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৩ রান করে কিসি কার্টিকেও সাজঘরে ফেরান তাসকিন।
এরপর উইকেট নেওয়ার কাতারে যোগ দেন শরীফুল। ব্রাফেটকে আউট করেন তিনি। ৩৫ বলে ২৩ রান করে ফিরে যান এই ক্যারিবিয়ান অধিনায়ক। এরপর আথানাজে ও হজ মিলে প্রতিরোধ গড়েন। ২২ রানের জুটি গড়েন তারা। আথানাজে ১৬ ও হজ ১০ রানে অপরাজিত আছেন।