ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক সংবাদদাতারা।
সেনবাগ (নোয়াখালী): সোমবার দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের সামনে তিনপুকুরিয়ায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার এক নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন আলেয়া বেগম (৩২) ও সিএনজি অটোরিক্সার চালক মো. ইসমাইল হোসেন (৩৫)।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী শাহী পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
গলাচিপা (পটুয়াখালী): সোমবার গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাওসার (৩৫) ও মহসিন (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ঈশ্বরদী (পাবনা): সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর সাহাপুর পোষ্ট অফিস মোড় সংলগ্ন নজুর মুদির দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় আট মাসের অন্তঃসত্বা গৃহবধূ নিহত হয়েছেন। তার নাম সাথী খাতুন(২১)। তিনি উপজেলার সোহান হোসেনের স্ত্রী।
পাইকগাছা (খুলনা): পাইকগাছার কপিলমুনির কাশিমনগর মাছকাটার সামনে ব্যাটারি চালিত ভ্যান-মোটর সাইকেল সংঘর্ষে এব যুবক আহত হয়েছে। তার নাম মফিজুল (২৫)।