স্পেনে ২৪ বছর বয়সী এক নার্সিং অ্যাসিস্টেন্টকে হত্যার দায়ে রোববার (২৪ নভেম্বর) চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত শাস্তির মাত্রা জানানো হয়নি। খবর ডয়চে ভেলের।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আ করুনিয়া শহরে এক নাইট ক্লাবের বাইরে স্যামুয়েল লুইসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশজুড়ে বিক্ষোভ হয়।
ওই হত্যায় জড়িত থাকার দায়ে ডিয়েগো মনতানিয়া, আলেখান্দ্রো ফ্রাইরে ও কাইয়ো আমারাল ও আলেখান্দ্রো মিগেজকে অভিযু্ক্ত করা হয়েছে।
আ করুনিয়া শহরের জুরি জানান, এটি প্রমাণ করা গেছে যে, চারজনের এই গ্রুপের প্রধান মনতানিয়া কথা ও পোশাক দেখে মনে করেছেন, লুইস একজন সমকামী। সেই কারণে তিনি হামলার আগে লুইসকে উদ্দেশ্য করে সমকামীবিরোধী মন্তব্য করেছিলেন।
এই রায়ের পর স্পেনের সমতাবিষয়ক মন্ত্রী আইরিন মনটেরো এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘এলিজিবিটিফোবিয়া, যেটি থেকে হত্যাকাণ্ড ঘটে, সেটি মন্তব্য বা ‘জোকস' দিয়ে শুরু হয়- যা ঘৃণ্য, ক্ষতিকারক এবং অবশ্যই বন্ধ করতে হবে।
অভিযুক্তদের ২২ থেকে ২৭ বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটরেরা।
স্পেনে ২০২৩ সালে লিঙ্গ পরিচয় সংশ্লিষ্ট ৩৬৪টি হেট ক্রাইম হয়েছে এবং ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে ‘ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস' বলেছে, হেট ক্রাইমের শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ রিপোর্ট করা হয়।