‘বাঙলা নাট্যদল’-এর ১৫তম প্রযোজনা সাহিত্য ও মনস্তাত্ত্বিক নির্ভর গল্প ‘মেঘ’। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলার একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি প্রদর্শন করবে বাঙলা নাট্যদল। উপমহাদেশের জনপ্রিয় লেখক উত্পল দত্তের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। নাটকটিতে অভিনয় করেছেন আবিদ আহমেদ, সুবর্ণা মীর, সেলিম বহুরূপী, সৈয়দ গোলাম মুর্তুজা, হ ম সহিদুজ্জামান, নাসির আহমেদ দুর্জয়, লিটন খান ও আফসানা আক্তার যুথি। নাটকের গল্পে দেখা যাবে, সমরেশ স্যানাল কলকাতা শহরের একজন নামকরা সাহিত্যিক। সদ্য সিজোফ্রেনিয়া থেকে সেরে উঠেছেন। তাঁর সাহিত্যের লেখনির মায়াজালে আবদ্ধ হয়ে প্রেমে পড়েন মাধুরী। তাঁরা বিয়ে করেন। কিন্তু অসুস্থ সমরেশকে সুস্থতার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেন মাধুরী। বন্ধুসম ডাক্তারের বারবার নিষেধ সত্ত্বেও জটিল ও রহস্যময় লেখার মাঝেই নিজেকে হারিয়ে ফেলে সমরেশ। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির মঞ্চ নির্মাণে আবিদ আহমেদ শব্দ ও আলোক পরিকল্পনায় রয়েছেন নাসির আহমেদ দুর্জয় এবং প্রক্ষেপণে রয়েছেন মিজান রহমান।