উন্নয়নশীল দেশের ডিজিটাল রোড ম্যাপ

ডিজিটাল বিপ্লব উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেয়। তবে, এই সুযোগগুলো গ্রহণ করতে হলে সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেক দেশ এখনো ডিজিটাল প্রযুক্তির সুফল পেতে প্রস্তুত নয়। প্রযুক্তিতে প্রবেশাধিকারের অভাব, দক্ষতার ঘাটতি এবং দুর্বল অবকাঠামো অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে একটি 'ডিজিটাল রোড ম্যাপ' প্রয়োজন। এটি নিশ্চিত করবে যে, ডিজিটাল বিপ্লবের সুফল সবাই পাবে। উন্নয়নশীল দেশের জন্য ছয়টি মূল ক্ষেত্র রয়েছে, যেখানে মনোযোগ দেওয়া প্রয়োজন।

ডিজিটাল বিভাজন দূর করা: বিশ্বের একটি বড় অংশ এখনো ডিজিটাল প্রযুক্তি থেকে বঞ্চিত। কোটি কোটি মানুষ কখনো ইন্টারনেট ব্যবহার করেনি। এটি ডিজিটাল বিভাজন নামে পরিচিত। এই বিভাজন দূর করতে সবার জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে হবে। সরকারের উচিত, ব্রডব্যান্ড অবকাঠামোয় বিনিয়োগে উৎসাহ দেওয়া। সাশ্রয়ী ডিভাইস সরবরাহ করে আরো বেশি মানুষকে সংযুক্ত করা সম্ভব। তবে শুধু প্রবেশাধিকারই নয়, প্রযুক্তি ব্যবহার করে মানুষ কীভাবে উপকৃত হবে, সেটিও গুরুত্বপূর্ণ। কাজ, শিক্ষা এবং দৈনন্দিন জীবনে
প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। 

ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুতি নেওয়া: প্রযুক্তি দ্রুত কাজের ধরন পরিবর্তন করছে। নতুন ধরনের কাজ তৈরি হচ্ছে এবং অনেক পুরোনো কাজ রূপান্তরিত হচ্ছে। এই পরিবর্তন নতুন সুযোগ তৈরি করলেও অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হলে শিক্ষায় মনোযোগ দিতে হবে। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল দক্ষতা শেখানোর ব্যবস্থা করতে হবে। পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি শ্রমিকদের নতুন কাজে মানিয়ে নিতে সাহায্য করবে। সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করে প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী রাখতে পারে। পাশাপাশি, অটোমেশনের কারণে চাকরি হারানো ব্যক্তিদের জন্য সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। 

নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল সিস্টেম তৈরি করা: ডিজিটাল সিস্টেম জীবনের বড় অংশ হয়ে উঠছে। তবে, এর সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। সাইবার আক্রমণ, তথ্য চুরি এবং প্রতারণার মতো সমস্যাগুলো বাড়ছে। ডিজিটাল সিস্টেমের প্রতি আস্থা তৈরি করতে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সরকারের বিনিয়োগ করা জরুরি। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। মানুষকে ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে। ব্যবসাগুলোকেও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে। 

সার্বজনীন সপ্তযাগ ও প্রবেশাধিকার নিশ্চিত করা: ডিজিটাল সরঞ্জাম এবং পরিষেবায় প্রবেশাধিকার সবার জন্য সমান নয়। অনেক প্রান্তিক গোষ্ঠী, বিশেষ করে নারীরা এবং দরিদ্র মানুষ, এখনো বঞ্চিত। ডিজিটাল সংযোগ সবার কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উচিত, গ্রামীণ ও অবহেলিত এলাকাগুলোর দিকে মনোযোগ দেওয়া। সবার জন্য সাশ্রয়ী করতে হবে। বেসরকারি খাত উদ্ভাবনী
সমাধানের মাধ্যমে দূরবর্তী এলাকায় সংযোগ স্থাপন করতে পারে। ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তি ব্যবহারে সক্ষম করতে পারে।

ডিজিটাল বিশ্বাস এবং সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা: ডিজিটাল প্রযুক্তি যেমন সুযোগ তৈরি করছে, তেমনই ঝুঁকিও বাড়াচ্ছে। গোপনীয়তা লঙ্ঘন, অ্যালগরিদমিক পক্ষপাত এবং সাইবার হুমকি বড় সমস্যায় পরিণত হচ্ছে। মানুষকে ডিজিটাল প্ল্যাটফরমে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে হলে বিশ্বাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য কঠোর নীতি গ্রহণ করতে হবে। ন্যায়সংগত অ্যালগরিদম ব্যবহার নিশ্চিত করতে নিয়মকানুন প্রয়োজন। ব্যবসাগুলোকে তথ্য ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। মানুষকে তাদের ডিজিটাল অধিকার সম্পর্কে জানানো প্রয়োজন। সরকার, ব্যবসা এবং নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা ডিজিটাল বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। বিশ্বাস তৈরি হলে মানুষ আরো বেশি প্রযুক্তি ব্যবহার করবে এবং এর সুফল পাবে।

শক্তিশালী ডিজিটাল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা: ডিজিটাল রূপান্তর সমন্বিত পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। সরকার, ব্যবসা এবং কমিউনিটিকে একসঙ্গে কাজ করতে হবে। এই সহযোগিতার মাধ্যমে একটি জাতীয় ডিজিটাল চুক্তি তৈরি করা যেতে পারে। এটি একটি যৌথ দৃষ্টি প্রদান করবে যা সবার জন্য উপকারী। ডিজিটাল শাসনের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো এবং মৌলিক ডিজিটাল সিস্টেম, যেমন ডিজিটাল পরিচয় প্রয়োজন। ডিজিটাল শাসন নিশ্চিত করবে যে, ডিজিটাল রূপান্তর সমাজের প্রতিটি স্তরে উপকার নিয়ে আসছে।

ডিজিটাল বিপ্লব বিশ্বকে বদলে দিচ্ছে। এটি উন্নয়নশীল দেশের জন্য অর্থনীতিকে উন্নত করা এবং মানুষের জীবনমান বৃদ্ধি করার সুযোগ নিয়ে এসেছে। তবে, এর ঝুঁকিগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে। একটি ডিজিটাল রোডম্যাপ দেশের জন্য সঠিক অগ্রাধিকার নির্ধারণে সাহায্য করতে পারে। ডিজিটাল বিভাজন দূর করা, ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুতি নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, সার্বজনীন সংযোগ প্রদান, বিশ্বাস স্থাপন এবং শক্তিশালী শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রগুলোতে মনোযোগ দিয়ে উন্নয়নশীল দেশগুলো ডিজিটাল বিপ্লবের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবে। এটি একটি ঐতিহাসিক সুযোগ। এখনই কাজ শুরু করতে হবে। সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডিজিটাল যুগের সুফল সবার জন্য নিশ্চিত করা সম্ভব।

লেখক: গবেষক