বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় অনশন থেকে বাড়ি ফিরে এক শিক্ষক মারা গেছেন। ঐ শিক্ষকের নাম জাকির হোসেন (৪০)। এছাড়া অনশনে দুই শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ছয় জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও সাতজনের ডায়রিয়া হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পাঁচ-ছয়দিন আগে ফরিদপুর জেলার মধুখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক অসুস্থ হয়ে নিজ বাড়িতে চলে যান। বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে শুক্রবার ঢাকার হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তিনি মারা যান। গতকাল তার মরদেহ ফরিদপুরের বাড়িতে দাফন করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, ১৬ জুন থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। টানা অবস্থান করেন ২৮ জুন পর্যন্ত। এরপর ২৯ জুন প্রতীকী অনশন করেন। পরবর্তী তিন দিন অনশন করেন তারা। এরপরও তাদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে, ৩ জুলাই থেকে আমরণ অনশন শুরু করেন। সংগঠনের নেতারা বলেন, আমাদের জাতীয়করণের দাবি এখনো পূরণ করা হয়নি। আমাদের জীবন চলে গেলেও দাবি আদায় ছাড়া আন্দোলন ছেড়ে বাড়ি যাব না।