আইনজীবী তানজিমের ডেঙ্গু আক্রান্ত স্ত্রীকে দেখতে বাসায় গেলেন সাঈদ খোকন

স্ত্রীর ডেঙ্গু হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো আইনজীবী তানজিম আল ইসলামের বাসায় গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সুপ্রিম কোর্টের ঐ আইনজীবীর স্ত্রী সুমি আক্তার সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হন। এজন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে গত বৃস্পতিবার ডিএসসিসির মেয়রকে আইনি নোটিশ পাঠান তানজিম। এরপর গতকাল শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত আইনজীবীর স্ত্রীকে দেখতে তাদের খিলগাঁওয়ের বাড়িতে যান মেয়র খোকন।

মেয়র যাওয়ার পর আইনজীবী তানজিম সাংবাদিকদের বলেন, আমার আইনি নোটিশ শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। আমি চাই, আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হোক। নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতন থাকুক।

আইনজীবীর আইনি নোটিশের বিষয়ে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আমাদের একজন সম্মানিত নাগরিক ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেটি আমাদের আইনজীবীরা দেখবেন; কিন্তু আমি মনে করেছি, একজন মেয়র হিসেবে একজন সংক্ষুব্ধ নাগরিকের পাশে আমার থাকা প্রয়োজন। সে মানবিক বোধ থেকে আমি তার বাসায় তার স্ত্রীকে দেখতে এসেছি।