পাওনা টাকার জেরেই আদাবরে মামলার বাদী খুন, গ্রেফতার তিন

পাওনা টাকার জের ধরেই রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিংয়ে প্রতিপক্ষরা মামলার বাদী জুয়েলকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরজিনা বেগম বাদী হয়ে শাহিদা আক্তার মমতাজ, লিটন, জাকির, মিজান, মনির, সালাউদ্দিন, খোকনসহ ১৯ আসামির নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/২০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ লিটন (৩০) ও জাকির (৩২) নামে এজাহারভুক্ত দুই আসামি এবং সাইদুর নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে। প্রধান ঘাতক লিটন আদাবরের বালুরমাঠে জুয়েলের পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ওই সময় তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। নিহত জুয়েল লিটনের কাছে টাকা পাওনা ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তবে পাওনা টাকার পরিমাণ জানা যায়নি। পাওনা টাকা হয়তো ইয়াবা বিক্রির টাকা হতে পারে। গত বৃহস্পতিবার রাতে বায়তুল আমান হাউজিংয়ের লোহার ব্রিজের সামনে জুয়েলকে মোটরসাইকেলে থাকা অবস্থায় মিজান, মনির, জাকির, লিটন, সালাহউদ্দিন ও খোকনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।