কলকাতায় মেট্রো রেলের দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু

গতকাল শনিবার মর্মান্তিক এক মৃত্যুর ঘটনা ঘটল কলকাতার মেট্রো রেলে। দরজায় হাত আটকে মৃত্যু হয়েছে এক যাত্রীর। কলকাতার নিউমার্কেট সংলগ্ন পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটেছে। এ ধরণের ঘটনা কলকাতা মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো রেল পরিসেবা।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় সজল কাঞ্জিলাল নামে ওই যাত্রী পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রো রেলে উঠতে যান। দরজা বন্ধ হয়ে যাচ্ছিল সেই অবস্থায় তিনি ছুটে উঠতে যান। নিজের ডান হাত বাড়িয়ে দেন। নিয়ম অনুযায়ী এরকম অবস্থায় ট্রেনের দরজা খুলে যাওয়ার কথা। কিন্তু দরজা বন্ধ হয়ে আটকে যায় হাত। সেই অবস্থায় ট্রেন ছুটতে শুরু করে টানেলের মধ্যে দিয়ে। বাইরে ঝুলতে থাকে ওই ব্যক্তির দেহ। ভেতরে থাকা যাত্রীরা চিত্কার শুরু করেন । কিছুক্ষণ এভাবে দরজা থেকে ঝোলার পর লাইনের ওপর পড়ে যায় ওই ব্যক্তির মরদেহ। ঘটনার পর ট্রেনের চালককে সাসপেন্ড করা হয়েছে।‌ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারকে সাহায্য দেওয়া হবে। প্রয়োজনে একজনকে চাকরি দেওয়া হবে।