ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতে ‘একটা চাদর হবে’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। তারপর স্ব-অভিমানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় গান থেকে নিজেকে দূরে রাখেন। এরপর অভিমান ভেঙ্গে আবার গানে ফেরেন এই শিল্পী।
চলতি বছরের এপ্রিলে নতুন গান নিয়ে হাজির হন তিনি। গানের শিরোনাম ছিল ‘আসমান জমিন’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস আই এনজেল। ঈশা খান দূরের তত্ত্বাবধানে ভিডিও পরিচালনা করেছেন এ আর খান। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই গায়ক। এইবার নব্বই দশকের মেধাবী গীতিকার আসাদুল্লাহ দেহলভীর সঙ্গে জুটি বাঁধছেন জেনস সুমন। দেহলভী বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার। বিশেষ করে তার লেখা ও সংগীতশিল্পী জেমসের গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়। এর আগে এই গীতিকারের অনেক গান গেয়েছেন সুমন।
এবার দেহলভীর লেখা নতুন তিনটি গানে কন্ঠ দিচ্ছেন জেনস সুমন। এর মধ্যে ‘বাড়ী ফেরা হয়নি বহু দিন’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীত করেছেন গুণী সংগীত পরিচালক এস পুলক, ‘তুমি আমার ব্যক্তিগত অধিকার’ শিরোনামের গানের সুর ও সঙ্গীত করেছেন এফ এ সুমন এবং ‘দিন তারিখ মনে নাই’ গানটির সুর ও সঙ্গীত করেছেন তরুণ কম্পোজার শাহাদাৎ হোসেন নাদিম।
নতুন গান প্রসঙ্গে জেনস সুমন বলেন, ‘দেহলভী বাংলাদেশের স্বনামধন্য একজন গীতিকার। আমি এর আগেও তার লেখা অনেক গান করেছি, সেগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। আমার বেশ কয়েকটি অ্যালবামের ৮০ শতাংশ গানই দেহলভীর লেখা। দীর্ঘদিন পর তার লেখা নতুন গান নিয়ে ফিরেছি। গান তিনটি তিন মেজাজের, আশা করছি সব বয়সী শ্রোতাদের পছন্দ হবে।’
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সালে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’।