ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

গতকাল সোমবার সপ্তাহের ২য় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও রবিবারের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৬ পয়েন্টে। ডিএসইতে ৫৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার লেনদেন ছিল ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসইতে গতকাল হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো - প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাডভেন্ট ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, এমএল ডাইং ও সিলভা ফার্ম। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো - কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, ইন্দোবাংলা ফার্মা, ওয়াটা কেমিক্যাল, সোনালি আঁশ, সন্ধানী ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, অ্যাডভেন্ট ফার্মা, ন্যাশনাল হাউজিং ও নাহী অ্যালুমিনিয়াম। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো - তাক্কাফুল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, মেঘনা পেট্রোলিয়াম, আইটিসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম, আল-হাজ্ব টেক্স, দুলামিয়া কটন ও ফু-ওয়াং সিরামিকস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় গতকাল সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।