স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বন্দরনগরী চট্টগ্রামে ২৬৮ জন পুরুষ ও ৫০ জন নারী মিলিয়ে ৩১৮ শার্টলারের অংশগ্রহণের মধ্যদিয়ে আজ সোমবার শুরু হচ্ছে ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ৪৭টি জেলা, সাতটি বিভাগ, চারটি সার্ভিসেস দল, পাঁচটি বিশ্ববিদ্যালয় ও একটি শিক্ষাবোর্ড মিলিয়ে ৬৩টি দল এতে অংশ নিবে। প্রত্যেক দলে খেলোয়াড় রয়েছে সাত জন করে।
শার্টলাররা লড়বেন পুরুষ একক ও দ্বৈত, নারী একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতের শিরোপার জন্য। প্রতিযোগীদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমন্যাসিয়াম ভবনে সকাল আটটা থেকে খেলা শুরু হবে। গত শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (যুগ্ম সচিব) মো. সামশুদ্দৌহা, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম প্রমুখ।