বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন
পঞ্চগড় প্রতিনিধি
শনিবার দিবাগত রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে পঞ্চগড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের ওপর শত শত গাছ উপড়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত কাঁচা ও টিনের ঘরবাড়ি ভেঙে পড়েছে। শনিবার রাত ১১টা থেকে অদ্যাবধি জেলায় বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্কও নেই। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাতে মুষলধারে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ শত শত ঘরবাড়ি ভেঙে পড়ে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কের ওপর শত শত গাছ উপড়ে পড়ে। এ সময় তারের ওপর গাছ পড়ে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছ ভেঙে পড়ায় ৪/৫ ঘণ্টা যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়রা এসব গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, প্রায় ৪ শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। শত শত গাছপালা উপড়ে পড়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, নেটওয়ার্ক না থাকায় এবং যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।