গোপালগঞ্জে সাত যুবককে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ফিল্মি স্টাইলে একটি বিপণি বিতানের সুপার চয়েজ সপের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাত যুবককে রক্তাক্ত জখম করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারের শেখ প্লাজার নামে একটি বিপণি বিতানের সুপার সপে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, বদরুল সরদার বদু, রাব্বি শেখ, উজ্জ্বল সরদার, তাজা কাজী, পলাশ সরদার, দোকান মালিক মাফুজ শেখ ও বাকপ্রতিবন্ধী দর্জি রেজাউল মোল্লা।

মারাত্মক আহত তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের হামলায় সুপার সপের সাজসজ্জা ভেঙে গেছে মালামাল তছনছ হয়ে গেছে। দোকানের ফ্লোর, সিঁড়িসহ বিভিন্ন স্থানে যুবকদের দেহের ছোপ ছোপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

এ ঘটনায় সুপার চয়েজ সপের মালিক মাহফুজ শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গোপাালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।