ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ 

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে সমবেত হয়। এসময় শিক্ষার্থীরা ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। 

পরে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া এতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় থাকছে না।

তারা আরও বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে একক ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছেই রয়ে গেছে। এসময় বক্তারা অনতিবিলম্বে ইবিকে গুচ্ছ থেকে বেরিয়ে আসার দাবি জানান। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, যে উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হয় সেই আলো আমরা এখনো দেখতে পাইনি বরং বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। সেশনজট বেড়েই চলছে, অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করছে।

তিনি আরও বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০৩ আসন ফাঁকা রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ করেছে। একটি সেশনের ভর্তি কার্যক্রম শেষ করতে যদি সাত থেকে আট মাস সময় নেয় তাহলে সেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কীভাবে শিক্ষার্থীদের উপকারে আসবে?