আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা: শামীম

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম পাটোয়ারী। দুই ম্যাচেই ব্যাট করেছে ২০০ এর ওপর স্ট্রাইকরেটে।

বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে চাপের মুখে ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম। এমন ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইতিবাচক খেলার কথা জানিয়ে শামীম বলেন, ‘দল যেরকমই থাকুক, আমি খেলতে পারলে দল উপরের দিকে যাবে। আমি ইতিবাচক খেলার চেষ্টা করি।’

দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামী ১৮ ডিসেম্বর মাঠে নামবে দু'দল।