শিশু নিপীড়নকারীদের চিহ্নিত করে মূলোত্পাটন করতে হবে

ঢাকার ওয়ারিতে সাত বছরের একটি শিশু আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ঐ হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। ময়না তদন্তকারীর রিপোর্টেও শিশুটিকে ধর্ষণের পর নির্যাতন করে হত্যার কথা বলা হয়েছিল। ইদানীং শিশুদের ওপর নিপীড়নের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন-এর এক রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৯৯টি শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে এবং একটি ছেলেশিশুসহ মোট ১৬ জন মারা গেছে। অনেক সময় লোকলজ্জার ভয়ে কিংবা সমাজের প্রভাবশালীর চাপে এ ধরনের ঘটনা প্রকাশ পায় না কিংবা প্রকাশ করা সম্ভব হয় না। শিশু নিপীড়নকারীদের চিহ্নিত করার জন্য অভিভাবকদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমি মনে করি, আইনের আশ্রয়ের মাধ্যমে এদের মূলোত্পাটন করাই সুবিবেচকের কাজ।

মো. জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা