দিনাজপুর জেলা সদরের লেবুর মোড় এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। দীর্ঘ তিন-চার বছর ধরে এই এলাকার রাস্তা ও রাস্তার পাশের ড্রেনের অবস্থা এতোটাই খারাপ হয়ে আছে যে এটি যে একটি পৌরসভা এলাকা সেটি মানতে কষ্ট হচ্ছে। ড্রেনের পানি ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় বর্ষাকালে ড্রেনসহ রাস্তা পর্যন্ত ডুবে যায়। যার কারণে চলাফেরা করা দুর্বিষহ হয়ে পড়ে। শুধু তাই নয়, বর্ষাকালে এই এলাকায় কোনো অটো, সিএনজি চলাচল করতে চায় না। চাইলেও ২০ টাকার ভাড়া ৫০ টাকা চেয়ে বসে। গতবার ডিসিকে এ বিষয় সম্পর্কে অবহিত করার পরেও কোনো লাভ হয়নি। অবিলম্বে বিষয়টিতে নজর দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুর রহমান
বিবিএ (অনার্স), তৃতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ,
দিনাজপুর সরকারি কলেজ