চট্টগ্রাম অফিস
নগরীর বন্দর থানার কলসি দীঘিরপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজিয়া আকতার (৪০) ও তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া আকতার (১৯)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, স্থানীয়রা দগ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বার্ন ওয়ার্ডের চিকিত্সকরা জানান, তিন জনের মধ্যে রাজিয়ার শরীরের ৫৫ শতাংশ, ইয়াছিনের ৩৫ শতাংশ ও তানিয়ার ১৫ শতাংশ পুড়ে গেছে। ধোঁয়ায় তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিত্সার জন্য আহতদের ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দিয়েছে চিকিত্সকরা।