পাটগ্রামে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে নিহত ১, ব্যাপক ক্ষতি

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রবিবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে এক গৃহবধূ নিহত ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতিসহ রাস্তার দুই ধারে শত শত গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে।

সরেজমিনে উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, পাটগ্রাম ও দহগ্রাম ইউনিয়নের গ্রামসমূহে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক শত বসতভিটার ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে লোকজন মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। ঐ ইউনিয়নগুলোর আঞ্চলিক সড়কসমূহের দুই পাশের কয়েক শত গাছ উপড়ে রাস্তায় পড়ে। এতে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলার বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে বড়ো বড়ো গাছ ও বুড়িমারী, শ্রীরামপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কসমূহে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুত্ সংযোগ বিছিন্ন রয়েছে। শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামে ঝড়ে ইব্রাহিম মিয়ার বসতঘরের উপর গাছ পড়লে স্ত্রী আলেমা বেগম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সঙ্গে থাকা নাতনি মিতু আক্তার (৪) আহত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের গ্রামসমূহ ও নিহত আলেমা বেগমের বাড়ি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

লালমনিরহাট জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (ভার) আহসান হাবীব বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২০ টন চাল বরাদ্দ করা হয়েছে। গাছ পড়ে নিহত গৃহবধূর পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়েছে।’

 

০