চলতি বর্ষা মওসুমে রোহিঙ্গারা কক্সবাজারের শিবিরে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক দাতা সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গারা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, বাংলাদেশের একার পক্ষে সেই চাপ সামলানো সম্ভব নয়। তাই অন্যান্য দেশের সরকারকেও বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসা দরকার।
শনিবার সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসেই কক্সবাজারে বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৬ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে কক্সবাজারের শিবিরের কাছাকাছি নিরাপদ জায়গায় রোহিঙ্গাদের সরিয়ে নিতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটির শরণার্থী অধিকার বিষয়ক পরিচালক বিল ফ্রেলিক জানান, বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গাদের পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে। এ মুহূর্তে অন্যান্য সরকারের উচিত বাংলাদেশকে সহায়তা করা যাতে তারা রোহিঙ্গাদের প্রতি সাহায্য অব্যাহত রাখতে পারে।