সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার পৃথক শোকবার্তায় তারা এই শোক জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন। পৃথক শোকবার্তায় শোক জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
ওবায়দুল কাদের ও ১৪ দলের শোক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোকবার্তায় এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবিবৃতিতে তিনি এরশাদের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। গতকাল ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারও শোক জানান।
কয়েক মন্ত্রীর শোক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রমুখ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বিএনপিসহ বিভিন্ন দলের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবিবৃতিতে এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজন-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এরশাদের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, জাপা নেতা ও সাবেক ছাত্রনেতা হাসান মনজুর প্রমুখ।
বিভিন্ন সংগঠনের শোক
এরশাদের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) শোক জানিয়েছে।