সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে গ্যাস রাইজার বিস্ফোরণে একটি বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সামসুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে বৃষ্টির সময় মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে তার বাড়িতে হঠাত্ একটি গ্যাস রাইজার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময়ে ঘরের লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, শেষ সম্বল হারিয়ে ছেলেমেয়ে নিয়ে এখন তিনি খোলা আকাশের নিচে বসবাস করছেন। এজন্য তিনি প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।