ইসির কাছে রিজেন্ট এয়ারের ক্ষমা প্রার্থনা

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলীর নির্দেশনায় গতকাল রবিবার সকালে নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার পত্রটি পৌঁছে দেন রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক মশিউর রহমান ও পরিচালক সোহেল মজিদ। নির্বাচন কমিশনার তা গ্রহণ করেছেন। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এ ঘটনায় রিজেন্ট এয়ারওয়েজের বিষয়ে আর কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই।

গত ২৭ জুন রিজেন্ট এয়ারওয়েজে করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সরকারি সফরে ঢাকা থেকে চট্টগ্রামে যান। এই সফরে তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন। উভয়েরই বিজনেস ক্লাসের টিকিট ছিল এবং তাতে ভিআইপি সিল দেওয়া ছিল। বিমানে আরোহণের পর তাঁরা দেখতে পান যে বিজনেস ক্লাসের কোনো সিট খালি নেই। ফলে তাঁকে ও তাঁর স্ত্রীকে ইকোনমি ক্লাসে বসানো হয়।