গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের সোয়া কোটি টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুইজন সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নেতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঐ দুইজন হলেন, সিবিএ’র সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া। জহিরুল ইসলাম চৌধুরী পিডিবি সহকারী হিসাব রক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং মো. আলাউদ্দিন মিয়া (বর্তমানে অবসরপ্রাপ্ত) সংস্থাটির সাবেক স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। গতকাল রবিবার কমিশন অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে ঐ মামলার অনুমোদন দেন। শিগগিরই মামলাটি করা হবে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
ডিসিসির সাবেক অতিরিক্ত প্রধান
প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত পৌনে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তাঁর স্ত্রী ডাক্তার রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। গতকাল কমিশন অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে ঐ মামলার অনুমোদন দেন। দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।