বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতোটাই প্রভাব ফেলেছেন যে স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দিয়েছেন বিরাট কোহলি। আর এই ঘটনায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে দায় দিচ্ছেন ধারাভাষ্যে থাকা মাইকেল ভন ও রিকি পন্টিং।
খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।
ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ভন এই ঘটনায় পুরোপুরি কোহলিকে দায়ী করে বলেন, 'কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না। কনস্টাস হেঁটে যাচ্ছিলো, কোহলিকে দেখুন সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে।'
ধারাভাষ্যে থাকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এই ঘটনায় কোহলিকে শুধু দায় নয়, সঙ্গে শাস্তিও আশা করছেন। তিনি বলেন, 'আমি নিশ্চিত আম্পায়ার ও ম্যাচ রেফারি এটা ভালোভাবে দেখবেন। অনেকগুলো অ্যাঙ্গেলে দেখছি। ফিল্ডারদের এই সময় ব্যাটারদের কাছে থাকার কথা নয়। কনস্টাস অনেক পরে খেয়াল করেছে। কেউ সামনে আছে হয়তো ভাবেনি।'