পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুতের লাইন নয়: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না, এটা একদম স্পষ্ট।’ 

 

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কার্যঅধিবেশনে এ কথা বলেন তিনি। 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন যে- যেখানে সেখানে শিল্প এলাকা করা যাবে না। আমরা জেলা প্রশাসকদের বলে দিয়েছি কেবলমাত্র পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না।’ 

 

তিনি আরো বলেন, ‘এখন থেকে যারা শিল্প এলাকা করতে চাচ্ছেন বা শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন, তাদেরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। কেউ যদি যত্রতত্র অনুমোদন ছাড়া করে তাদের লাইন কেটে দেওয়া হবে।’

 

পরিকল্পিত শিল্পাঞ্চল বলতে সরকারের অর্থনৈতিক অঞ্চলগুলো ছাড়াও বিসিককে বোঝানো হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

 

ইত্তেফাক/জেডএইচ