জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, আগামীকাল ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে ২৫ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে রোডম্যাপ ঘোষণা করার জন্য ৫ কর্মদিবস সময় নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রোববার জাকসুসহ দুই দফা দাবিতে অনশন করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
প্রসঙ্গত, জাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আটবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।