ছাত্রশিবিরের জাবি শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুস্তাফিজুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সদেক আব্দুল্লাহ এতে সঞ্চালনা করেন।

নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি মুস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। এরপর সেক্রেটারিকে মনোনীত করা হয়।

এসময় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ এবং সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদ রাফিসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।