স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই উইকেট হারায় চিটাগাং কিংস। এরপর দুর্বার রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন উসমান খান। রাজশাহীর বোলারদের বেধড়ক পিটিয়ে বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই পাক ব্যাটার। তার সেঞ্চুরিতে ভর করে ২১৯ রানের বড় সংগ্রহ পেয়েছে চিটাগাং। বিপিএল ইতিহাসে মিরপুর শের-ই-বাংলায় এটিই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ৬ ছক্কা ও ১৩ চারে ৬২ বলে ১২৩ রান করেন উসমান।
শুক্রবার (৩ জানুয়ারি) টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন।
এরপর গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন উসমান। ১২০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১২১ রানে ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক।
এরপর মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন উসমান। ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন এই পাক ব্যাটার। সেঞ্চুরির পরও মারমুখী ব্যাটিং চালিয়ে যান উসমান। তবে দলীয় ১৮৪ রানে ১৫ বলে ২৮ রানে করে আউট হন মিথুন।
আর আউট হওয়ার আগে ৬২ বলে ১২৩ রান করেন উসমান। শেষ দিকে হায়দার আলির ৮ বলে ১৯ রানের ক্যামিওতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে চিটাগাং। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট।